আইএসপি লাইসেন্স আবেদন বন্ধ : ৩০১ আবেদন বাতিল
সমায়িক স্থগিত রাখা হয়েছে আইএসপি লাইসেন্স প্রদানের কার্যক্রম। একইসঙ্গে উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য দুই দফায় আবেদন করা ৩০১টি আইএসপি লাইসেন্স প্রত্যাশিদের আবেদন না মঞ্জুর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। এর মধ্যে ভৌগলিক সীমানা বিবেচনায় নতুন উপজেলা বা থানা আইএসপি লাইসেন্স প্রদানের সুযোগ না থাকায় এই লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে।
বিটিআরসি পরিচালক মোঃ নূরুন্নবী স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে। গত ৫ ডিসেম্বর এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়। এর আগের দিন আরেক নোটিশে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর আইএসপির জন্য আবেদন করা যাবে না’ বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ ডিসেম্বর গাইড লাইন করার পর আগে যারা আবেদন করেছিল তাদের এক দফায় আবেদন বাতিল করা হয়। এরপর ২০২১ সালে ফি বাড়িয়ে নতুন গাইডলাইন করার পর উপজেলা থেকে যারা আবেদন করেছিল তাদেরটাও ২০২২ সালে "অপ্রকাশিত" নীতিমালার আলোকে আবারও বাতিল করেছে বিটিআরসি। সূত্রমতে, নতুন নীতিমালা দেখিয়ে প্রায় ৭০টির মতো জেলা, বিভাগ ও ন্যাশনওয়াইড আইএসপির আবেদনও বাতিলের প্রক্রিয়া চলছে। তার মানে নতুন নীতিমালা বা গাইডলাইন করলেও নতুন কাউকে আইএসপি লাইসেন্স দেওয়া হচ্ছে না।
নতুন আবেদন না করার নোটিশ ও ৩০১টি আবেদন বাতিলের ১৮ পেজের তালিকায় প্রথমেই রয়েছে কালিকৈর থানা থেকে আবেদন করা মিথিলা নেটয়ার্কের নাম। শেষে আছে ফতুল্লাহ’র এইচআর নেটওয়ার্ক সল্যুশনের নম্বর।